জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির। তিনি জানান, সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ভারত সফর হওয়ার সম্ভাবনা নেই।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে নানা সমস্যা থাকলেও আলোচনার সুযোগ বন্ধ হয়নি। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত। পারস্পরিক স্বার্থ ও আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি। হুমায়ুন কবির বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী।’ সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
‘মক্কা চুক্তি’ নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।’
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে বোয়িং কিনতে হচ্ছে—বিষয়টি এমন নয়। দেশের প্রয়োজন বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং কেনার কথাও বলেন হুমায়ুন কবির।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলের একটি সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমশক্তি রপ্তানি করা হবে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
সম্প্রতি কলকাতায় বাংলাদেশি নাগরিকদের কয়েকটি হোটেলে থাকার জায়গা না পাওয়ার অভিযোগ এবং রাস্তায় রাত কাটানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট ঘটনা ও উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞাপন
জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘কীভাবে একটি ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা যায়, এনার্জি সেক্টর দেখলে তা বোঝা যাবে। প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আব্দুল মন্নান উপস্থিত ছিলেন।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর বিশ্বনাথের কাদিপুর গ্রামে একটি নলকূপের উদ্বোধন করেন।








