আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, আগামীকাল ঢাকায় বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক বৈঠক আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।
বিজ্ঞাপন
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেন তিনটির চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথাও জানানো হবে।
দুই দেশের রেল কর্তৃপক্ষের এ বৈঠকটি আন্তঃসরকার রেলওয়ে বৈঠক বা ইন্টার-গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম) নামে পরিচিত। এবার ঢাকার রেলভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠককে সামনে রেখে ভারতের রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিষয়গুলো ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতি পেলেই ট্রেনগুলো চালু করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মতামত প্রয়োজন হবে। মঙ্গলবারের বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকেই আসবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ও ভারতে পালাক্রমে প্রতিবছর আইজিআরএম বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এবার ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ওই বছরের ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। পরে ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আর স্বাভাবিক হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আইজিআরএম বৈঠকের মাধ্যমে ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।
বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা রুটে, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা রুটে এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত। এসব ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের আন্তঃদেশীয় রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








