আইনশৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

বরিশালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগের চেয়ে দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আয়োজিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পর্যালোচনায় আগের তুলনায় পরিস্থিতির উন্নতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে অগ্রগতি পাওয়া গেছে।
বরিশালের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, আগামী বছরের এপ্রিলের মধ্যে বরিশাল ক্যানসার হাসপাতাল চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এ ছাড়া ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বরিশালের পাঁচটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয়ে সরকার কঠোর নীতি অনুসরণ করছে। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ঠেকাতেও নজরদারি বাড়ানো হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগের দিন বরিশালে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আনা হয়েছে এবং অতীতে সংঘটিত অনিয়মের বিষয়েও সরকার নজর রাখছে।
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বরিশালের পাশাপাশি ঝালকাঠি ও ভোলাতেও আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে ধারাবাহিকভাবে বিশেষ সভা করছেন প্রতিমন্ত্রী।








