Logo

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ অক্টোবর, ২০২৬, ১৩:৩১
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজিত তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা এ মেলায় অংশ নিচ্ছে।

মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি আবাসন ও নির্মাণ খাতের প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি মেলার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

• সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার

• বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

• প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার

অনুষ্ঠানে বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD