Logo

৩৪ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৬:৪৫
৩৪ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে এসব দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য উন্মুক্ত নয়। অধিকাংশ ক্ষেত্রেই কেবল কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এই সুবিধা পান। তবে মালদ্বীপের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

বিজ্ঞাপন

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা প্রকাশিত এক তালিকায় এ তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য কার্যকর। ফলে অফিশিয়াল কিংবা সাধারণ পাসপোর্টধারীরা এই চুক্তির আওতায় ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন না।

তবে মালদ্বীপের ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। দেশটির সঙ্গে বাংলাদেশের এমন চুক্তি রয়েছে, যার আওতায় কূটনৈতিক, অফিশিয়াল ও সাধারণ—সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান। অবশ্য কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে এই ছাড় কার্যকর নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, সব মিলিয়ে ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।

তবে ভিসামুক্ত প্রবেশের সুবিধা থাকলেই সব ধরনের ভ্রমণের অনুমতি পাওয়া যায় না। পাসপোর্টের ধরন, ভ্রমণের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট দেশের অভিবাসনসংক্রান্ত নিয়মের ওপর এ সুবিধা নির্ভর করে। তাই বিদেশযাত্রার পরিকল্পনা করার আগে সাধারণ পাসপোর্টধারীদের সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভিসানীতি ও প্রবেশের শর্ত যাচাই করে নেওয়া প্রয়োজন।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD