শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে আসেননি। এখন ফিরতে হলে তাঁকে নির্ধারিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তারা শুধরাবে না।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব-২০২৬ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক নদীর পানিবণ্টন, সীমান্ত পরিস্থিতি এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেন ত্রাণমন্ত্রী।
আন্তর্জাতিক নদীর পানিবণ্টন প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
উত্তরাঞ্চলের বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, প্রকল্পটির সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন ও প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। খুব শিগগিরই তিস্তাপাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে তিনি আশাবাদী।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ত্রাণমন্ত্রী নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যালয়ের শত বছরের গৌরবময় পথচলা স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।








