Logo

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৮ নভেম্বর, ২০২৬, ১৫:০১
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তির আবেদন করার ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মায়ের কাছে সন্তানের মরদেহ নিয়ে যান স্বজনরা। কারাফটকেই শেষবারের মতো ছেলেকে দেখার সুযোগ পান শারমিন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে তূর্যের মরদেহ নিয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যান পরিবারের সদস্যরা। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহ ভেতরে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা মরদেহ নিয়ে কারাগার থেকে বের হন।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। জন্মের পর থেকে মায়ের হাতেই তার খাওয়াদাওয়া ও দৈনন্দিন কাজকর্ম হতো। শারমিন গ্রেপ্তার হওয়ার পর থেকে তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ না নেওয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। মায়ের অপেক্ষায় থাকতে থাকতেই তার মৃত্যু হয় বলে দাবি করেন বাবা।

তিনি অভিযোগ করে বলেন, আটকের আগ পর্যন্ত শারমিনের নামে কোনো মামলা ছিল না। যড়যন্ত্র করে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। তাই বাধ্য হয়ে কারাফটকে সন্তানের মরদেহ নিয়ে এসেছি স্ত্রীকে দেখাতে।

কারাগার থেকে বের হয়ে বন্দি শারমিন সুলতানার ছোট বোন শাম্মী বলেন, আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই রাষ্ট্র আমার বোনকে জামিন দিলো না। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেলো। মাত্র ৫ মিনিট সময় দিলো আমার বোনকে তার সন্তানকে শেষবার দেখতে।

গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার সময় ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়েছে। সঙ্গে তার পরিবারের স্বজনরাও আসেন। পরে নিয়ম অনুযায়ী মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD