Logo

সাবেক পৌর মেয়র মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়ায় পিছু হটল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর, ২০২৬, ১৫:১২
সাবেক পৌর মেয়র মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়ায় পিছু হটল পুলিশ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার নলুয়া গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালাতে গেলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে গ্রামবাসীর ধাওয়ায় পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যার আগে প্রায় ৩০ সদস্যের পুলিশের একটি দল শাহজাদপুর পৌর এলাকার নলুয়া গ্রামে মিরুর বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের অভিযানে বাধা দেন। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে হালিমুল হক মিরুকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয়ে মিরুকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসী পুলিশ সদস্যদের ধাওয়া করলে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান।

এ বিষয়ে মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু বলেন, আমার ভাইকে গ্রেপ্তার করতে বেশ কয়েকমাস ধরেই গ্রামে অভিযান চালায় পুলিশ। প্রায় প্রতিদিনই গ্রামে পুলিশ ঢোকে। এর মধ্যে গ্রামের কিছু সাধারণ মানুষকেও তারা গ্রেপ্তার করে। আজ শুক্রবার বিকেলে আমার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান হালিমুল হক মিরুকে বাড়ি থেকে আটক করে পুলিশ। কিন্তু ঐক্যবদ্ধ গ্রামবাসী তাকে ছিনিয়ে নিয়ে পুলিশকে ধাওয়া করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দাদের লাঠিসোঁটা হাতে রাস্তায় অবস্থান করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

তবে পুলিশের বক্তব্যের সঙ্গে স্থানীয়দের দাবির মধ্যে পার্থক্য রয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করার জন্য পুলিশের একটি দল তার বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, তবে অভিযানের কারণে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের অভিযানের সময় হালিমুল হক মিরু বাড়িতেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই ঘটনার পর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে পৌর মেয়রের পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। একই ঘটনায় তাঁকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এ ঘটনায় দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD