চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে দুটি আসন

চাঁদপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
ওসি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনটির সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন।
পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।








