১৫ বছরে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেছেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে গেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের ঘাটতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশকে বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে পরিকল্পিতভাবে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল।
অর্থনীতির শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার। এই অর্থের পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশের সমান।
দেশের ব্যাংকিং খাতের দুরবস্থা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকটের চিত্র বুঝতে ঋণ শ্রেণিকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অর্থপাচার বন্ধ, ব্যাংকিং খাতের জালিয়াতি প্রতিরোধ এবং আইনসম্মত প্রক্রিয়ায় বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজারের সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন প্রতিষ্ঠায় আরও গুরুত্ব দিতে হবে।
সরকারি অর্থের ব্যবহার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছ হিসাবব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন সমস্যাগুলো মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তী সময়ে ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধন করে আঞ্চলিক সহযোগিতার সেই ধারাকে আরও এগিয়ে নিয়েছিলেন।








