প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, রোহিঙ্গা সংকটের সমাধান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত ও মানবিক সংকট মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।
বৈঠকে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার অঙ্গীকার করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদে এই উদ্যোগ এগিয়ে নিতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও দুই মন্ত্রীর আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটও বৈঠকের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির সংস্কৃতি বন্ধ এবং সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তায় একমত হন দুই মন্ত্রী।
মিয়ানমারে দীর্ঘদিনের নিপীড়ন ও সহিংসতার মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এবং সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।
এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পরিধি সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন খলিলুর রহমান ও জঁ-নোয়েল বারো। পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়েও তাঁরা গুরুত্ব দেন।
বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।








