সীমান্তের এপারে নাশকতা চালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে কী ঘটছে, সে বিষয়ে অবগত না থাকলেও বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের ভেতরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার ঘটনায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন বলে জানান তিনি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কারও মাথায় আঘাত রয়েছে, আবার কেউ হাড় ভাঙার মতো জটিলতায় ভুগছেন। অনেকেই চিকিৎসা নিয়েছেন, তবে কয়েকজনকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হবে। কারও কারও জন্য প্রয়োজন বিশেষায়িত চিকিৎসা।
আহত সদস্যদের অবদানের স্বীকৃতি দেওয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, তাঁদের কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরির শুরু থেকেই পুলিশ সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে থাকেন। শ্রমিক আন্দোলনের সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন, কিন্তু তাঁরা আন্দোলনরত মজলুম ভাই-বোনদের আঘাত করেননি। তাঁদের এই আচরণ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সরকারের বার্তা কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাহিনীগুলো সবসময় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকে। কারণ, যেকোনো সময় দেশে অস্থিরতা তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়াই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব।
বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন পক্ষের কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিকরা মজুরি বোর্ডের ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তাঁর ভাষ্য, শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে তাঁরা সফল হবেন না বলে তিনি মনে করেন।
সীমান্তের ওপার থেকে অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টরা দেশের কয়েকটি স্থানে মিছিল করেছে বলে তিনি শুনেছেন। তবে ঘটনাগুলো বিচ্ছিন্ন বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, সীমান্তের ওপারে কে কী করছে, তা জানা না থাকলেও দেশের ভেতরে কাউকে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।








