ডিসেম্বরে চার উপজেলায় সরাসরি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বর মাসে দেশের চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ২৬৪টি উপজেলার কর্মসূচিতে যুক্ত থাকবেন তিনি।
বিজ্ঞাপন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠির তথ্য অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় একই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
চারটি নির্ধারিত ভেন্যুর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে কুষ্টিয়া সদরের অনুষ্ঠানের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা সংযুক্ত হবে।
এভাবে চারটি মূল ভেন্যুসহ মোট ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে চারটি উপজেলায় প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থাকবেন এবং বাকি ২৬৪টি উপজেলার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।
মন্ত্রণালয়ের চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।








