Logo

নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ পাঁচ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ১৩:০৭
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ পাঁচ বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ নেতাকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত এই টিমে দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় পাঁচ নেতা।

বিজ্ঞাপন

বিশেষ টিমের সদস্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই পাঁচ নেতা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তাঁদের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূল পর্যায়ে দলীয় নিয়ন্ত্রণ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সম্ভাব্য নাশকতা মোকাবিলা করাও এই টিমের অন্যতম দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাংগঠনিক বিভাগের নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গেও সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। এ ধরনের আলোচনা ও কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা জানান, পাঁচ সদস্যের এই টিমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা এবং স্থানীয় নেতৃত্বের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের যোগাযোগ আরও জোরদার করা হবে।

এ ছাড়া রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ এবং মাঠপর্যায়ে দলের কার্যক্রম গতিশীল রাখার বিষয়টিও বিশেষ টিমের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD