Logo

ঢাকাসহ আরও ছয় জেলায় নিরাপত্তায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৪
ঢাকাসহ আরও ছয় জেলায় নিরাপত্তায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

দেশের ছয় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মোট ১১৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এর মধ্যে সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। সেখানে ৫৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।

এদিকে মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়ও প্রস্তুত রয়েছেন বিজিবি সদস্যরা।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD