Logo

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ২০:৫৫
কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

আশপাশে বসবাস করা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা এবং তাদের অকারণে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাণীর যত্ন নেওয়া সম্ভব না হলেও অন্তত তাদের ক্ষতি না করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

প্রাণীদের ওপর অকারণে নির্যাতনের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে। তাদের কষ্ট দেয়। এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

শিশু-কিশোরদের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পরিবারের বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।’

প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার চর্চা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান।

তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা তৈরি করা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।’

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD