ফ্যামিলি কার্ডে প্রকৃত দরিদ্র চিহ্নিত করতে একাধিক যাচাইয়ের নির্দেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্ত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উপকারভোগী নির্বাচন থেকে শুরু করে অর্থ বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।
বৈঠকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় চলমান প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিশুদের সুরক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। যেসব প্রকল্প নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়নে পিছিয়ে রয়েছে, সেগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আলোচনায় প্রকৃত উপকারভোগী শনাক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। কমিটি মনে করে, যোগ্য পরিবার নির্বাচন এবং আর্থিক সহায়তা বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখা জরুরি।
এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও তথ্য যাচাইয়ের পাশাপাশি গণশুনানির ব্যবস্থাও রাখা হয়েছে। এর মাধ্যমে উপকারভোগী নির্বাচনে ভুল, অনিয়ম ও অসংগতি এড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোর কার্যক্রম নিয়মিত পরিদর্শন করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়মিত অবহিত রাখার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সেবার গতি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ জন্য জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
সংসদীয় কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের নিজস্ব মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোকে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী বৈঠকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম সভায় নেওয়া সিদ্ধান্তগুলো কার্যকর ও বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। মন্ত্রণালয়ের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে সহযোগিতার জন্য কমিটির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি।
বৈঠকে কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।








