শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গোপালগঞ্জ, গাজীপুরসহ দেশের নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন অব্যাহত রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তাঁরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে ব্লক ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হলে আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিবন্ধকতা সরিয়ে দেন। একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ছাড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের তৎপরতায় শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তাঁরা।
সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং টিমের পাশাপাশি অতিরিক্ত সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে। দায়িত্ব পালনকালে সদস্যদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত রয়েছেন।
যে জেলায় যত প্লাটুন আনসার মোতায়েন
আনসার বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে নয়টি জেলায় মোট ৫৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। জেলাভিত্তিক মোতায়েনের সংখ্যা হলো— গাজীপুরে ১৯ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন, শরীয়তপুরে ৪ প্লাটুন, সাতক্ষীরায় ২ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন।
এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান মো. নাজমুস সাকিব।
তিনি আরও বলেন, দেশের জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এই তৎপরতা অব্যাহত থাকবে।








