সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও সাংবাদিক নেতা নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়াকে কেন্দ্র করে এ হুমকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশ গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তার বক্তব্য জানতে চেয়েছিলেন। কিন্তু অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার পরিবর্তে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বক্তারা আরও বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা এবং পেশাগত শিষ্টাচারের গুরুত্বপূর্ণ অংশ। এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হত্যার হুমকির মুখে পড়তে হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ
মানববন্ধনে বক্তারা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
তাদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয় ব্যবহার করে বিগত বছরগুলোতে তিনি বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা পরিচয়ে তিনি বিগত সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি
মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম রোহান।
এ ছাড়া বক্তব্য দেন স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, মহিন উদ্দীন স্বপন ও সামাদ মতিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, হত্যার হুমকির অভিযোগ তদন্তে দ্রুত কমিটি গঠন, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।








