Logo

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৪:২৭
পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের অস্থিরতা দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেছেন, পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং সব দলের স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।’

দেশে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’

মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের বিচারের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার নিশ্চিত করা হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’

বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’

বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচি

প্রেস ব্রিফিংয়ে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচির পরিকল্পনাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কয়েকটি ধাপে এসব কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির সূচনা হবে ১ ডিসেম্বর আয়োজিত গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে বিজয়ের মাসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। পুরো ডিসেম্বরজুড়েই ধারাবাহিকভাবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মাসটি উদ্‌যাপন করা হবে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD