১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছিল।
পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় নতুন সচিবালয় নির্মাণ করা হবে। এখানে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। ভবনগুলোতে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা পাওয়া যাবে।
এ ছাড়া প্রায় ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
তবে নতুন সচিবালয় নির্মাণের জন্য নির্ধারিত জমি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের দাবি, পুরোনো বাণিজ্যমেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। আশির দশকে বাণিজ্যমেলার আয়োজনের জন্য সাময়িকভাবে জমিটি নেওয়া হলেও পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়কে তা ফিরিয়ে দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, মাঠটিতে কৃষিবিষয়ক গবেষণা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। সেখানে সচিবালয় নির্মিত হলে গবেষণা এবং শিক্ষা কার্যক্রমের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সিদ্ধান্তের প্রতিবাদে গত অক্টোবর ও নভেম্বর মাসে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। জমিটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। পাশাপাশি পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব এবং আশপাশের হাসপাতালগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও তুলে ধরেছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দাবি, বিতর্কিত জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, বরং গণপূর্ত অধিদপ্তরের নামে নিবন্ধিত। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উত্থাপিত মালিকানার দাবিও খতিয়ে দেখার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
সরকারের পক্ষ থেকে সচিবালয় স্থানান্তরের পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্তমান ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা, পর্যাপ্ত জায়গার সংকট এবং প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নের প্রয়োজনীয়তা।
বর্তমানে রাজধানীর আবদুল গণি রোডে প্রায় ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, পুরোনো ভবনগুলোর কয়েকটি ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি।
নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম স্থানান্তরের পর আবদুল গণি রোডের বর্তমান জায়গায় পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় এবং অধস্তন আদালতের কিছু কার্যক্রম স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।








