শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না

গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনা এবং পর্যালোচনার ভিত্তিতে মজুরি বোর্ড নতুন কাঠামো নির্ধারণ করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন জানান, গত তিন বছরে পোশাকশিল্পের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে।
তিনি বলেন, সরকার গঠনের পর স্বল্প সময়ের মধ্যে শ্রমবান্ধব শ্রম আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শিল্পেও জ্বালানি সংকট রয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও ইতিহাসে প্রথমবারের মতো আগের পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
মজুরি বোর্ডের সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বোর্ডের সদস্যরা গ্রহণযোগ্য ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। শ্রমিক ও শিল্পের স্বার্থ বিবেচনায় নিয়ে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। শ্রমিক প্রতিনিধি শ্রমিকদের এবং মালিক প্রতিনিধি শিল্পমালিকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন।
মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। একটি গ্রেডে ঐকমত্য না হওয়ায় ভোটের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়েছে। ওই গ্রেডে শ্রমিক পক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিক পক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটের মাধ্যমে মাঝামাঝি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়।
মজুরি বৃদ্ধির হিসাব তুলে ধরে মাহদী আমিন বলেন, ২০২৩ সালে গ্রেড-১-এর শ্রমিকদের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এবার তা বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মাসিক মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা, যা প্রায় ৪৩ শতাংশ।
তিনি আরও বলেন, বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাসিক আয় আরও বাড়বে বলে সরকার আশা করছে। মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি জানান, মালিকদের অনেকে মনে করছেন, শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
নতুন মজুরি কাঠামো তৈরির ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, অন্যান্য শিল্পের মজুরি, কারখানার সক্ষমতা এবং বড়, মাঝারি ও ছোট প্রতিষ্ঠানের পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোর সঙ্গেও তুলনা করা হয়েছে বলে জানান তিনি।
মাহদী আমিন বলেন, মজুরি নির্ধারণে সরকারের সরাসরি ভূমিকা না থাকলেও পুরো প্রক্রিয়ায় সরকার সহযোগিতা ও সমর্থন দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থকে সব সময় অগ্রাধিকার দিয়েছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাইরেও একাধিক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রমিক অধ্যুষিত এলাকায় ভর্তুকি মূল্যে চাল সরবরাহ বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। বর্তমানে ওএমএস ট্রাকের মাধ্যমে এসব এলাকায় চাল দেওয়া হচ্ছে। আগামী দিনে এ কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সাতটিতে উন্নীত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শ্রমিকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। এ জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।
গার্মেন্টস শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান মাহদী আমিন। পরিকল্পনা অনুযায়ী, নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে পোশাকশিল্পের শ্রমিকদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বেতন বাড়ার পর বাড়িভাড়া ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। তার ভাষ্য, বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যহীনভাবে বাড়িভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু করেছে। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের চর্চা বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
একইভাবে পরিবহন ব্যয় ও বাসভাড়া হঠাৎ বাড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণে পরিবহন ও সড়ক মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে শ্রমিক অধ্যুষিত এলাকায় বড় অ্যাপার্টমেন্ট বা বহুতল ভবন নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। শ্রমিক প্রতিনিধিদের মতামত বিবেচনায় নিয়ে এ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান মাহদী আমিন।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের কাজ চলছে। পাশাপাশি জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পোশাকশিল্পের অগ্রগতিতে শ্রমিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্পের সক্ষমতা বাড়লে কর্মসংস্থান ও শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়বে। তাই উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
মালিকদের উদ্দেশে তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলেও সক্ষমতা থাকা মালিকেরা চাইলে এর চেয়ে বেশি বেতন দিতে পারেন। আর যাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, তাদের অবশ্যই আইন মেনে চলতে হবে। শ্রমিক, মালিক ও সরকার সম্মিলিতভাবে কাজ করলে দেশের শিল্প খাত আরও এগিয়ে যাবে।








