Logo

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকাবেন না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৭:০০
বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকাবেন না
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ সতর্কবার্তা দেন। একই সঙ্গে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ এসব কর্মকাণ্ড পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকার প্রতিটি অপরাধের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD