Logo

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৭:১৬
ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়াই একমাত্র পথ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে তাঁকে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির।

শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, শেখ হাসিনার উপস্থিতির কারণে ভারত সরকারও বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাঁকে হয় হাতকড়া পরিয়ে, অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক পাগল রয়েছে। তবে বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। দুই দেশের সরকারের মধ্যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, অপরাধীদের জন্য এক ধরনের নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য অন্য ধরনের নীতি অনুসরণ করা হয়। তাঁর মতে, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। ফলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

শেখ হাসিনার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে ভারতকে অস্বস্তিকর পরিস্থিতি সামলাতে হচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিষয়টি বোঝাতে তিনি একটি উদাহরণ দেন। তাঁর কথায়, কেউ নিজের বাড়িতে একজনকে আমন্ত্রণ জানানোর পর যদি দেখেন ওই ব্যক্তি সেখানে গিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন এবং এমন আচরণ করছেন, যাঁকে বের করাও যাচ্ছে না, আবার সহ্য করাও কঠিন—তাহলে সেটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD