রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ

গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। রাষ্ট্র পরিচালনার নীতি, রাজনৈতিক কর্মসূচি কিংবা উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিতর্ক গণতন্ত্রেরই অংশ। তবে দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সামগ্রিক স্বার্থ যখন চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগ নেওয়া রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে ওঠে।
বিজ্ঞাপন
ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা এবং রাজনৈতিক সহাবস্থানের মধ্য দিয়েই গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হয়। তবে দলীয় বিরোধ যেন জাতীয় স্বার্থের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সচেতন থাকা জরুরি। ব্যক্তির তুলনায় দল এবং দলের চেয়ে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার এই দর্শনই তুলে ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর ভাষায়, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’
জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার সেই রাজনৈতিক দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক উদ্যোগে। দেশের রাজনৈতিক অস্থিরতা, নৈরাজ্য ও নাশকতার আশঙ্কার মধ্যে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন।
গত ১৮ নভেম্বর শেষ হওয়া জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। সেখানে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ওই বৈঠকের ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত ওই আলোচনায় প্রায় ৩৫ মিনিট সময় ধরে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপির সঙ্গে আলোচনার পর সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দলটির আমির শফিকুর রহমান দেশের বাইরে থাকায় এখনো আলোচনার নির্দিষ্ট সময় ঠিক হয়নি। এর মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জামায়াতের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর শেষে এক দিনের জন্য মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল শফিকুর রহমানের। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার দেশে ফেরার কথা থাকলেও মালয়েশিয়া সফর বাতিল করে বুধবারই দেশে ফেরার সিদ্ধান্ত নেন জামায়াত আমির।
প্রধানমন্ত্রীর সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের অবস্থান ইতিবাচক বলে জানা গেছে। জাতীয় ঐক্যের উদ্যোগকে গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে আগ্রহী দলটি। তবে এককভাবে নয়, ১১ দলীয় রাজনৈতিক জোটের সব শরিককে সঙ্গে নিয়েই সংলাপে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী।
এদিকে সংলাপের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান সামনে আসছে। এনসিপির সঙ্গে বৈঠকে জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার, বিচার, জাতীয় সার্বভৌমত্ব এবং গণভোটের রায় কার্যকরের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচনের পর কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়া নিয়ে আপসকামিতা, ২০২৪ সালের পরাজিত শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘাটতি এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট অবস্থান না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এ ছাড়া গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়ায় একদলীয় সংবিধান সংশোধন কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এনসিপি। দলটির দাবি, ওই কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
আসন্ন সংলাপে জামায়াতও এসব বিষয় উত্থাপন করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত না হলেও আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে দলটির আগ্রহ রয়েছে। তবে জামায়াতের প্রত্যাশা, ১১ দলীয় জোটের শরিকদের নিয়ে সম্মিলিতভাবে সংলাপে অংশ নেওয়ার সুযোগ থাকবে। একই সঙ্গে এনসিপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনার আওতায় রাখার পক্ষে দলটি।
জামায়াতের দৃষ্টিতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়। এসব ইস্যুতে দলটি সংসদে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি রাজপথেও কর্মসূচি পালন করছে।
তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সংলাপে রাজনৈতিক দলগুলোর নিজস্ব দাবি ও এজেন্ডা কতটা প্রাধান্য পাবে, সেটিই এখন আলোচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বিশ্বের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর রাজনৈতিক অভিজ্ঞতায় দেখা যায়, সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র মতবিরোধ থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পথ খোলা রাখা হয়। যুক্তরাজ্যে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তারপরও জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং জরুরি রাষ্ট্রীয় সিদ্ধান্তের মতো বিষয়ে দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার নজির দেখা যায়।
সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা ইস্যুতেও যুক্তরাজ্যে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। অভিবাসনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নেও রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান বজায় রেখে বৃহত্তর স্বার্থে সহযোগিতার ক্ষেত্র খুঁজেছে।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির মধ্যে বিভাজন বেশ গভীর। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ডেমোক্র্যাটদের আপত্তি রয়েছে। তা সত্ত্বেও অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয়ে দুই দলের একসঙ্গে কাজ করার উদাহরণ রয়েছে। এসব অভিজ্ঞতা দেখায়, রাজনৈতিক প্রতিযোগিতা ও মতবিরোধের মধ্যেও জাতীয় স্বার্থে সহযোগিতার জায়গা ধরে রাখা সম্ভব।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়ও এ ধরনের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ সেই বিবেচনায় তাৎপর্যপূর্ণ। নৈরাজ্য, নাশকতা ও রাজনৈতিক সহিংসতার আশঙ্কার মধ্যে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে সরাসরি আলোচনা করেছেন। এরপর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন।
সংসদকে কার্যকর রাখা, বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়া এবং জাতীয় সংকটে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার এই প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক রাজনীতিতে ইতিবাচক চর্চার সুযোগ তৈরি করতে পারে।
তবে এ উদ্যোগের সাফল্য কেবল সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করবে না। বিরোধী দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার কিংবা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতি নিয়ে মতবিরোধ থাকতেই পারে। এসব বিষয়ে সংসদে বিতর্ক হবে, রাজনৈতিক দলগুলো নিজেদের বক্তব্য তুলে ধরবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ তাদের মতামত জানাবে।
কিন্তু জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা যখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়, তখন দলীয় দাবি এবং বৃহত্তর জাতীয় স্বার্থকে এক করে দেখা সমীচীন নয়। জাতীয় স্বার্থকে রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার না বানিয়ে দলগুলোর উচিত অভিন্ন সংকট মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।
দেশে স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় সরকার যদি আলোচনার সুযোগ তৈরি করে, তাহলে বিরোধী দলগুলোরও সেই সুযোগ কাজে লাগানো প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতাও চলবে। তবে দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজনের মুহূর্তে একসঙ্গে কাজ করার মানসিকতাই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে।








