ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ, অংশ নিবে ১৩ দেশ

বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ আয়োজন ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ ১৩টি দেশের মোট ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। এতে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ। সব মিলিয়ে ১৩টি দেশের প্রতিনিধিরা এই আসরে নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। আর ৩ ডিসেম্বর আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠান। এর আগে ২৭ নভেম্বর থেকে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে।
সিআইএসএমের লক্ষ্য সামরিক বাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি
অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি। ফ্রান্সের নিস শহরে প্রতিষ্ঠিত এই সংস্থার প্রধান উদ্দেশ্য সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক জোরদার করা। বর্তমানে সংস্থাটির সদস্যসংখ্যা ১৪২টি দেশ।
বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সদস্যপদ পাওয়ার পর থেকে দেশের সশস্ত্র বাহিনী সংস্থাটির আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে।
এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আরচারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ। এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে দেশের সক্ষমতা ও অভিজ্ঞতা তুলে ধরার নতুন সুযোগ তৈরি হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্বপরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি এবং সাংগঠনিক দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব, আতিথেয়তা ও আন্তর্জাতিক সহযোগিতার মানসিকতা তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে বিদেশি অতিথি ও অংশগ্রহণকারীদের কাছে দেশের ক্রীড়া এবং পর্যটন সম্ভাবনা তুলে ধরারও সুযোগ তৈরি হবে।








