বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, আইনি সংস্কারের দাবি

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাল্যবিয়ের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। এ পরিস্থিতি পরিবর্তনে শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করা এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন আনার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক বাল্যবিয়ে, অপ্রাপ্তবয়সে বিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় প্রতিষ্ঠানটি। আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) দিবসটি পালিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়েছে।
১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে ৪৭ শতাংশ মেয়ের
ইউএনএফপিএ ও ইউনিসেফের ২০২৫ সালের তথ্যের বরাত দিয়ে প্রজ্ঞা জানিয়েছে, বাংলাদেশে বাল্যবিয়ের হার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। অপ্রাপ্তবয়সে বিয়ের কারণে অনেক কন্যাশিশুর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া এবং অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ছে।
এর প্রভাব শুধু সংশ্লিষ্ট শিশুদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকছে না; দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব ফেলছে বাল্যবিয়ে।
বাল্যবিয়ে ঠেকাতে জন্মনিবন্ধনের গুরুত্ব
প্রজ্ঞার মতে, বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধন কার্যকর সুরক্ষাব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। জন্মনিবন্ধন সনদ শিশুর বয়স যাচাইয়ের নির্ভরযোগ্য আইনি দলিল। এর মাধ্যমে বিয়ের সময় প্রকৃত বয়স নিশ্চিত করা, ভুয়া বয়স দেখিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা সহজ হয়।
তবে প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে এখনো প্রায় অর্ধেক মানুষ জন্মনিবন্ধনের আওতার বাইরে রয়েছে। বিদ্যমান আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সর্বজনীন জন্মনিবন্ধন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সংশোধনের প্রস্তাব
বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জন্মনিবন্ধনের আইনগত দায়িত্ব দেওয়া প্রয়োজন।
এ ধরনের ব্যবস্থা চালু হলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশুর জন্মের সময়ই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে। এতে জন্মনিবন্ধনের হার বাড়ার পাশাপাশি শিশুদের বয়সসংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্যতাও নিশ্চিত করা যাবে।
২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন উদ্যোগ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূল এবং প্রত্যেক নাগরিকের আইনি পরিচয় নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে বাংলাদেশের। জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) এবং বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে বাল্যবিয়ে প্রতিরোধে আয়োজিত আন্তমন্ত্রণালয় সংলাপে সর্বজনীন জন্ম ও বিয়ে নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে বয়স যাচাই কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিয়েমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।’
প্রজ্ঞার মতে, বাল্যবিয়ে প্রতিরোধে শুধু সচেতনতামূলক প্রচারণা যথেষ্ট নয়। জন্মনিবন্ধন ব্যবস্থার সংস্কার, আইনের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে অপ্রাপ্তবয়সে বিয়ে কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।








