Logo

যোগ্য, মেধাবী ও পেশাদার ব্যক্তিদের রাজনীতিতে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:৪৮
যোগ্য, মেধাবী ও পেশাদার ব্যক্তিদের রাজনীতিতে আসতে হবে
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদকে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে যোগ্য, মেধাবী ও পেশাদার ব্যক্তিদের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর মতে, দেশের অনেক দক্ষ ও যোগ্য নাগরিক রাজনীতিতে আসতে আগ্রহী নন। তবে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নে তাঁদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের ‘দি সিক্স সিজনস’ হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ‘হাউ ক্যান দ্য জাতীয় সংসদ বি মেড মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে।

ডেপুটি স্পিকার বলেন, তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন নাগরিকদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে এসে নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা কাজে লাগানোর মাধ্যমে দেশ গঠন এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সেমিনারে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও বিভিন্ন সময়ের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরেন কায়সার কামাল। তিনি বলেন, দেশে বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেন এবং কার্যকর সংসদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

তবে ২০০৮ সালের পর দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনমূলক এবং ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানবাধিকার হরণের বিষয়টিও তুলে ধরেন তিনি।

জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে সংসদের কার্যক্রম পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এসব বিধানের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি প্রতিষ্ঠান দুটির দক্ষতা ও কার্যকারিতা আরও বাড়াতে হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়েও নতুন করে আলোচনার আহ্বান জানান তিনি। কায়সার কামাল বলেন, সংসদ সদস্যরা যাতে স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, ভিন্নমত তুলে ধরতে পারেন এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেই সুযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।

বর্তমান সংসদের কার্যক্রমের প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমান সংসদ অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে একসঙ্গে কাজ করার জন্য এখানে ইতিবাচক পরিবেশ রয়েছে।

তিনি আরও বলেন, সংসদকে সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জন্য এটিই উপযুক্ত সময়। দেশ সবার, তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের পুনর্গঠন ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ কাজে সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশ নেন। তাঁরা সংসদকে আরও দক্ষ ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD