Logo

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৯:৪২
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন এই আশা করি।’

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। এর ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো।

বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য আবেদন করেছিলেন মোট ৪ হাজার ৩৯ জন। তাদের মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে তারা নিয়োগ পাবেন। এ ছাড়া নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

বৃহস্পতিবার বিমানবন্দরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারাও অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

ওই বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী ঐকমত্যে পৌঁছান।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD