Logo

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ২০:১৫
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষতা উন্নয়ন ও বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা ও কাজের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রথম ফ্লাইটে দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশে যাত্রা করা ১১২ জন কর্মীকে বিদায় জানান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সরকারপ্রধান বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কর্মীরা ব্যক্তিগতভাবে লাভবান হবেন, পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এ লক্ষ্যেই বিভিন্ন দেশের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় কর্মীদের প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিদেশে কাজের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, অন্য দেশে কর্মরত অবস্থায় স্থানীয় ভাষা জানা থাকলে কাজ করা সহজ হয়। এ বিষয়ে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যে দেশে কাজ করবেন, সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণ ও কাজের মানের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। একজন কর্মীর কর্মদক্ষতা ও ব্যবহার দেখে বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে ধারণা তৈরি করেন। বাংলাদেশি কর্মীরা সুনাম অর্জন করতে পারলে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও কর্মী নিয়োগে আগ্রহী হবে।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই দেশের আইনকানুন ও ঐতিহ্য মেনে চলবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী কর্মীদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ কর্মসূচি বাস্তবায়নে যুক্ত মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানান তিনি। পরে বিদেশগামী কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি উদ্যোগে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ কর্মসূচির কর্মী নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। পাশাপাশি অভিবাসন-সংক্রান্ত সব ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির পরবর্তী ধাপে আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। সেখানে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তারেক রহমান। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD