অংশীদারত্ব চুক্তি করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ও ডেনমার্ক

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে নতুন অংশীদারত্ব চুক্তি করার উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। আগামী বছর থেকে এ চুক্তির প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডেনমার্কের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলিজাবেথ সন্ডারগার্ড ক্রোনে।
তিনি বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অনুসন্ধানমূলক সংলাপের উদ্যোগকে সমর্থন করে ডেনমার্ক। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিসর বাড়াতে একটি দ্বিপাক্ষিক কমিটি গঠনের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন খাতে ডেনিশ কোম্পানিগুলোর বিনিয়োগ রয়েছে উল্লেখ করে সন্ডারগার্ড বলেন, বন্দর অবকাঠামো ও ওষুধশিল্পসহ একাধিক খাতে ডেনমার্কের প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে নতুন করে বিনিয়োগের বিষয়ে ডেনিশ কোম্পানি ও বিনিয়োগকারীদের আগ্রহও ক্রমেই বাড়ছে।
বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অংশীদারত্ব বজায় রয়েছে। অন্যান্য নর্ডিক দেশের সঙ্গে সমন্বয় করেও দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে ডেনমার্ক। বিদ্যমান সম্পর্ককে ভিত্তি করে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে আগ্রহী দেশটি।
সন্ডারগার্ড আরও জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উৎপাদন, মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসনের পাশাপাশি বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রেও বাংলাদেশ ডেনমার্কের গুরুত্বপূর্ণ অংশীদার।
নতুন অংশীদারত্ব চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।








