Logo

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ২১:৩২
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের!
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে উপকারভোগী হিসেবে নির্বাচিত করতে একাধিক ধাপে তদন্ত ও তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে একাধিকবার যাচাইয়ের পাশাপাশি গণশুনানির ব্যবস্থাও রাখা হবে। একই সঙ্গে উপকারভোগী নির্বাচন থেকে শুরু করে অর্থ বিতরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।

বৈঠকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় চলমান প্রকল্পের অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিশুদের সুরক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। যেসব প্রকল্প নির্ধারিত সময় অনুযায়ী এগোচ্ছে না, সেগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আলোচনায় প্রকৃত উপকারভোগী শনাক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাত যেন সুযোগ না পায়, সে জন্য নির্বাচনপ্রক্রিয়া ও অর্থ বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও তথ্য যাচাইয়ের পাশাপাশি গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে কমিটি। মাঠপর্যায়ে সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিত করার সুপারিশও করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সেবার মান ও কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য জনবল সংকট এবং প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

কমিটির সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ বা মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। পরবর্তী বৈঠকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম সভায় নেওয়া সিদ্ধান্তগুলো কার্যকর ও বাস্তবায়ন করায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। মন্ত্রণালয়ের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে সহযোগিতার জন্য কমিটির সদস্যদেরও ধন্যবাদ জানান সভাপতি।

বৈঠকে কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD