বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ায় পৌঁছেছেন। কোনো ধরনের খরচ ছাড়াই দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন এসব কর্মী।
বিজ্ঞাপন
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি কর্মীদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় হাইকমিশনের কর্মকর্তা এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নতুন কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মালয়েশিয়ায় তাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি দায়িত্বের প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি দেশটির প্রচলিত আইন, নিয়মকানুন ও সামাজিক রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।
এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবারও এই নিয়োগ কার্যক্রম চালু হওয়ায় দেশটিতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়েছে। বোয়েসেলের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর এই উদ্যোগকে দুই দেশের শ্রমবাজার সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।








