ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করানো নিয়ে দেশটির সরকারও বিভিন্ন চ্যালেঞ্জ ও অসুবিধার মুখে পড়ছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার ভাষ্য, শেখ হাসিনাকে নিয়ে কী করা উচিত, তা নিয়ে ভারতও অস্বস্তি অনুভব করছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘‘শেখ হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।’’
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘সে (শেখ হাসিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে, না হয় কড়া নজরদারীতে।’’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। ওই রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন।
এদিকে দীর্ঘদিন পর আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলটির ভবিষ্যৎ ভূমিকা নিয়েও দেশে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।








