Logo

চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৭ নভেম্বর, ২০২৬, ১৩:৫৯
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের দলে কোনো জায়গা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার কোনো অধিকার নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই। দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। একইভাবে দু-একজন মাদক কারবারির কারণে জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় চোখ-কান খোলা রেখে দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আসাদুজ্জামান আরও বলেন, দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। দলের দুঃসময়ে এসব ব্যক্তি পাশে থাকবে না। বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের কারও কারও এখনো গোপন যোগাযোগ ও সমঝোতা রয়েছে। তারা আওয়ামী লীগকে আড়ালে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আইনমন্ত্রীর ভাষ্য, বিগত ১৭ বছর ধরে এই চক্রের সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এ ধরনের ব্যক্তিদের বিএনপিতে প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন আইনমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD