বাংলাদেশে পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে অবস্থান করে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসে উসকানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা দলটির পূর্ব ইতিহাসের অংশ।
বিজ্ঞাপন
তবে দেশের মানুষ এসব কর্মকাণ্ড সফল হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিন্তু এ দেশের মানুষ তাদের সফল হতে দেব না। এ দেশে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না।”
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় আয়োজিত বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদী, আলেম বিদ্বেষী, পরদাসী, সেবাদাস কোন পতিত শক্তি রাজনীতি করার জন্য ইচ্ছা প্রকাশ করবে—সেই প্রশ্ন যখন আসবে, আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক, ইনশাআল্লাহ।”
গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ ও মতপার্থক্য থাকবে উল্লেখ করে তিনি বলেন, বিতর্ক ও আলোচনা গণতান্ত্রিক চর্চার অংশ। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে যে ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করা হবে।
সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ আয়োজনে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন। শুক্রবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন মাদরাসা প্রাঙ্গণে উপচেপড়া ভিড় দেখা যায়।








