পুলিশে বড় রদবদল, অতিরিক্ত পুলিশ সুপারসহ আট কর্মকর্তাকে বদলি

পুলিশ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে গাজীপুর, ঢাকা, রাজশাহী ও নরসিংদীতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।
বিজ্ঞাপন
গত বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) পদায়ন করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাঠানো হয়েছে।
ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
আইজিপির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদায়ন ও বদলির আদেশ কার্যকর করা হয়েছে।








