Logo

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশির মৃত্যুতে ঢাকার তীব্র নিন্দা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১১:৩৯
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশির মৃত্যুতে ঢাকার তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ অক্টোবরের ওই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

চলমান সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সরকার। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানিয়েছে ঢাকা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD