Logo

বাংলাদেশের সংস্কার পরিকল্পনার সঙ্গে জাতিসংঘের কর্মসূচি সমন্বয়ের আহ্বান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৮:৫৪
বাংলাদেশের সংস্কার পরিকল্পনার সঙ্গে জাতিসংঘের কর্মসূচি সমন্বয়ের আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় উন্নয়ন ও সংস্কার অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা চেয়েছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অ্যাড ইন্টারিম) ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের সঙ্গে বৈঠকে সরকারের এসব অবস্থান তুলে ধরেন হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অভিন্ন অগ্রাধিকার এবং জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘের কান্ট্রি টিমের নেতৃত্ব দেওয়ার জন্য ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াককে ধন্যবাদ জানান তিনি।

সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণও বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

হুমায়ুন কবির জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জাতিসংঘের কর্মসূচিগুলো বাংলাদেশের ২০২৬-২০৩১ মেয়াদি সংস্কার ও উন্নয়নের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করে তিনি মিয়ানমারে তাদের নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের ধারাবাহিক প্রচেষ্টা কামনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান হলো প্রত্যাবাসন। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি জাতিসংঘের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির।

অন্যদিকে, বাংলাদেশের সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারত্ব আরও গভীর করতে সংস্থাটির প্রস্তুতির কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারের সঙ্গে জাতিসংঘের কান্ট্রি টিম ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD