৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার

পঞ্চগড় জেলা কারাগারে দায়িত্ব পালনকালে ৫৭টি ভুয়া বিল পাস করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারে জেলার হিসেবে কর্মরত ছিলেন। এ সময়ে কারাগারের ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আর্থিক বিভাগীয় নিরীক্ষা প্রতিবেদনে খোরাকি রেশন খাতে সরকারি অর্থ তছরূপ ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে কারা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সরেজমিনে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে ‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’ নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল পাস করা হয়। এসব বিলের মাধ্যমে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব অপরাধের দায়ে আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।








