Logo

এবার লটারিতে গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৯:১৬
এবার লটারিতে গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর বদলি
ছবি: সংগৃহীত

বদলি-বাণিজ্য বন্ধ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীকে বদলি ও পদায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় অধিদপ্তরের প্রায় ২০টি গুরুত্বপূর্ণ জোন ও বিভাগে দক্ষ ও যোগ্য প্রকৌশলীদের দায়িত্ব দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নের জন্য লটারি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

লটারি শুরুর আগে মন্ত্রী সাংবাদিকদের বলেন, গণপূর্ত অধিদপ্তরকে স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার। বদলি ও পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা বাণিজ্য বরদাশত করা হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান জাকারিয়া তাহের। সংশ্লিষ্ট প্রকৌশলীদের অতীতের কাজ, কর্মদক্ষতা ও চাকরির রেকর্ড পর্যালোচনা করে যোগ্য কর্মকর্তাদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এরপর নির্ধারিত প্রক্রিয়ায় লটারির মাধ্যমে পদায়ন করা হচ্ছে, যাতে কেউ নিজের পছন্দ অনুযায়ী কর্মস্থল বেছে নেওয়ার সুযোগ না পান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য একটাই বদলি-বাণিজ্য বন্ধ করা, সুশাসন ফিরিয়ে আনা এবং সবাইকে সমান সুযোগ দেওয়া। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে চাই। গণপূর্ত অধিদপ্তরকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অবস্থানে নিয়ে যেতে চাই।’

এর আগে লটারির মাধ্যমে ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী, ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ২১৯ জন সহকারী প্রকৌশলী এবং ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জন প্রকৌশলীকে এ পদ্ধতিতে বদলি ও পদায়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

এবার নির্বাহী প্রকৌশলীদের কর্মস্থল নির্ধারণের ক্ষেত্রে অধিদপ্তরের প্রায় ২০টি গুরুত্বপূর্ণ জোন ও বিভাগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব জায়গায় দায়িত্ব পালনের জন্য দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের নির্বাচন করতে আলাদাভাবে কাজ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও সংসদ সচিবালয়সহ তিন-চারটি গুরুত্বপূর্ণ দপ্তরে আপাতত পদায়ন করা হচ্ছে না। এসব দপ্তরের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মানবিক কারণে আবেদনের সুযোগ

লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হলেও বিশেষ পরিস্থিতিতে মানবিক বিবেচনায় আবেদনের সুযোগ রাখা হয়েছে। গর্ভবতী নারী কর্মকর্তা, প্রতিবন্ধী সন্তান রয়েছে এমন কর্মকর্তা এবং গুরুতর অসুস্থ মা-বাবার পরিচর্যার দায়িত্বে থাকা কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাকারিয়া তাহের বলেন, ‘কাউকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়। সবাই যেন সমান সুযোগ পান, আবার মানবিক বিষয়গুলোও যেন বিবেচনায় থাকে সেটি নিশ্চিত করতে চাই। মানবিক কারণে কয়েকজন আবেদন করেছেন। তাদের সুবিধা অনুযায়ী পদায়নের ব্যবস্থা করা হচ্ছে।’

সরকারি জমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড ব্যাংক’

গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প ও পদায়ন নিয়ে অতীতে ওঠা অনিয়মের অভিযোগের পাশাপাশি সরকারি জমি ব্যবস্থাপনা ও আবাসন সেবায় স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন উন্নয়ন কর্তৃপক্ষগুলোর জমির তথ্য নিয়ে একটি ‘ল্যান্ড ব্যাংক’ তৈরির কাজ চলছে। সরকারের মেয়াদকালে যতটা সম্ভব জমির তথ্য ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘কোন জমি সরকারের মালিকানায় রয়েছে, কোনটি সরকারের দখলে আছে এবং কোন জমি বেদখলে রয়েছে, এসব তথ্য চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ ছাড়া আবাসন বরাদ্দের ক্ষেত্রেও স্বচ্ছতা বাড়াতে ডিজিটাল পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। এ-সংক্রান্ত একটি প্রকল্প চলতি সপ্তাহের মধ্যেই চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চাই। লটারি, ডিজিটালঅইজেশনসহ বিভিন্ন উদ্যোগের উদ্দেশ্য একটাই প্রক্রিয়াগুলো স্বচ্ছ করা এবং কাজের ক্ষতি না করে সুশাসন প্রতিষ্ঠা করা।’

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন প্রক্রিয়া, সরকারি জমি ব্যবস্থাপনা এবং আবাসন বরাদ্দে অনিয়ম কমিয়ে প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD