উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে

অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। বুধবার (২১ অক্টোবর) সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন ভূমিমন্ত্রী। শয্যায় থেকেই রাজশাহীর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত একটি জনসভায় অংশ নিয়েছিলেন মিজানুর রহমান মিনু। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্তের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় রয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে রামেক হাসপাতালে যান বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাতে মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরাও তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।
বিজ্ঞাপন
এ সময় তাঁরা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বিভিন্ন দলের নেতাকর্মীদের এই উপস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার চিত্র ফুটে ওঠে।








