মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তিনি মোংলার নৌঘাঁটির জেটিতে পৌঁছান।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতি শেষে বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর। দিনের নির্ধারিত কর্মসূচি শেষ করে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার সকালে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে নলিয়ান লঞ্চঘাটে গিয়ে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরে নলিয়ানে অবতরণ করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর এই সফরে মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের অগ্রগতি এবং সম্ভাবনা ঘিরে দক্ষিণাঞ্চলে বন্দরকেন্দ্রিক বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের প্রত্যাশা তৈরি হয়েছে।








