লংমার্চের নামে ১১দলীয় জোট গাড়িমার্চ করছে : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, লংমার্চের ইতিহাস হচ্ছে- লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে সেটাকে গাড়ি মার্চ বলে। এই গাড়ি মার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।
মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও পর্যালোচনা করেন সংস্কৃতিমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞাপন
মতবিনিময় সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।








