পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হবে।
এদিকে, তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে। রোববার রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা।
মিরপুরে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়। এর আগে শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং বিভিন্ন কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।
বিজ্ঞাপন
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। এ বিষয়ে সরকার এবং পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাঁদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন।
মন্ত্রী আরও জানান, রোববারের মধ্যেই মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে।








