Logo

ডিজে পার্টি কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৬, ২০:২৬
ডিজে পার্টি কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে বরখাস্তের সময় তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায়। ওই সময় বাড়িটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

এ ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুসারে গত ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD