ভেড়ামারায় মাদকের আস্তানায় ইউএনওর অভিযান, কারাদণ্ড ৬ জনের

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আমিরুল আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ১ হাজার টাকা, একজনকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া একজনকে তিন মাস এবং অন্য দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উত্তর ভবানীপুর এলাকার রাশিদুলের ছেলে জাফর, নওদাপাড়া এলাকার মো. আজিজুল হকের ছেলে শেখ সাজু, একই এলাকার মৃত সেকেন্দার মিস্ত্রির ছেলে বাবুল হোসেন, নবগঙ্গা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. শাহিন, রামচন্দ্রপুর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সজল এবং উত্তর ভবানীপুর এলাকার আয়নাল হোসেনের ছেলে মো. আরিফ।
বিজ্ঞাপন
আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, জাফরকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, শেখ সাজুকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং বাবুল হোসেনকে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, মো. সজলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. শাহিন ও মো. আরিফকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, “মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।”








