শিকল সাইজি সেজেও পার পেলেন না পাঁচ বছর ধরে পলাতক আসামি লিটন

মাগুরার আলোচিত মানিক লাল ডোম হত্যা মামলার পাঁচ বছর ধরে পলাতক আসামি লিটন (৪৮) অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার হয়েছেন। আত্মগোপনে থাকতে তিনি ‘শিকল সাইজি’ পরিচয় ব্যবহার করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি।
বিজ্ঞাপন
র্যাব জানায়, বুধবার (১৫ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল রাজধানীর শাহ আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার তথ্য অনুযায়ী, নিহত মানিক লাল ডোম মাগুরা সদর উপজেলার হাসপাতালপাড়া (ডোমপাড়া) এলাকার বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ২৯ জুন রাতে তিনি তার ৯ বছর বয়সী ছেলে সান বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ছেলে ঘুম থেকে উঠে বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের স্ত্রী মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্যতম আসামি মেহেদী হাসান আকাশ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, গাঁজা বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে মানিক লালের সঙ্গে ঝন্টু, লিটনসহ কয়েকজনের বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরে ২০২১ সালের ৩০ জুন রাতে ঘুমন্ত অবস্থায় মানিক লালের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই লিটন বিভিন্ন মাজারকেন্দ্রিক এলাকায় ‘শিকল সাইজি’ পরিচয়ে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।








