কুনিও হোসি খুন: ৪ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

ছবি: সংগৃহীত
জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার দায়ে জেএমবির চার জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।পাঁচ আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর এক আসামিকে খালাস ...
বিজ্ঞাপন
জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার দায়ে জেএমবির চার জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
পাঁচ আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, বগুড়ার গাবতলী এলাকার লিটন মিয়া ওরফে রফিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব ও গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন।
খালাস পেলেন পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার ইছাহাক আলী।
বিজ্ঞাপন
এর আগে গত ১৯ সেপ্টেম্বর পাঁচ জঙ্গির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য বুধবার দিন ধার্য করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস, এ মান্নান ও জাকির হোসেন মাসুদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ। এর আগে গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টে শুনানি শুরু হয়েছিল।
২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার দায়ে জেএমবির পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স (মৃত্যু দণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি) হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল ও জেল আপিল করেন।
বিজ্ঞাপন
বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব ও সাখাওয়াত হোসেন।
দণ্ডপ্রাপ্ত বিপ্লব পলাতক। হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বিচারিক আদালতে খালাস পান পীরগাছার কালীগঞ্জ বাজারের আবু সাঈদ।
জেবি/ আরএইচ/








