Logo

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১৮
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, তিনি দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্টের চেষ্টা করছেন। এসব বিবেচনায় তাকে গ্রেপ্তারের লক্ষ্যে রেড নোটিশ জারির প্রক্রিয়া গ্রহণের অনুমতি দেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একই ঘটনায় টিউলিপ সিদ্দিক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সারদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে আদালত এ আদেশ দেন এবং পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৫ এপ্রিল দুদক টিউলিপ সিদ্দিক, সারদার মোশাররফ হোসেন ও শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখলে নেন এবং পরে নিজেদের নামে নিবন্ধন করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD